নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মীরেরটেক বাজার এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জরুরি ভিত্তিতে এলাকায় পাইপলাইন অথবা কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন।
বুধবার (২২ জুলাই) বিকেলে ‘মীরেরটেক এলাকার সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন বয়সী স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য বৃষ্টিতেই মীরেরটেক বাজার এবং আশপাশের এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তারা জানান, বিশেষ করে কলতাপাড়া এবং মীরেরটেক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশের এলাকায় পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, জলজট ও জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এজন্য জরুরি ভিত্তিতে একটি পাইপলাইন অথবা কালভার্ট নির্মাণের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্ষা মৌসুমে জনদুর্ভোগ কমাতে অবিলম্বে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মীরেরটেক এলাকায় একটি কালভার্ট বা ড্রেনেজ পাইপলাইন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

