কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিবেরডাঙ্গী পূর্বপাড়া গ্রামে প্রায় ৭৫ বছর ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ কাঁচা চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে শতাধিক পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ।
ভুক্তভোগীদের লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২৫ জুন মো. আব্দুস ছাত্তার, মো. মতিউর রহমান, মো. আব্দুল খালেক ও মো. বেলাল হোসেনসহ কয়েকজন নিজেদের বাড়ির পূর্ব পাশ থেকে কালাপানি বেড়িবাঁধ পর্যন্ত প্রায় ১২ ফুট প্রশস্ত রাস্তার একটি অংশে বাঁশের বেড়া নির্মাণ করেন।
স্থানীয়দের দাবি, রাস্তাটি তাদের পূর্বপুরুষদের সময় থেকে প্রায় ৭৫ বছর ধরে জনসাধারণ ব্যবহার করে আসছেন। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং দৈনন্দিন চলাচলের জন্য এটি এলাকার অন্যতম প্রধান পথ। সরকারি অর্থায়নে রাস্তাটির সংস্কার এবং একটি কালভার্টও নির্মাণ করা হয়েছে।
রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টির সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় এলাকাবাসী রাজীবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তারা দ্রুত জনপথটি উন্মুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযুক্তদের বক্তব্য জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে রাজীবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জানান, অভিযোগের তদন্তের জন্য রাজীবপুর সদর ইউনিয়নের তহশিলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

