গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি বলেছেন, "একটি বিদ্যালয়ের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা এবং অভিভাবক, শিক্ষক ও পরিচালনা কমিটির সমন্বিত উদ্যোগই একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে।"
শনিবার (১৮ জুলাই) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, "সুরুপী সালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।"
ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবী বদিউজ্জামান লস্কর-এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক লুলু হোসেন মুন্সি সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম মোস্তফা লস্কর, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, এপিএফ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধীর সরকার, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. মিঠু লস্কর, সমাজসেবী মতিয়ার রহমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

