বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম হাওলাদার (৪২) কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে বাগেরহাট জেলা কারাগার কর্তৃপক্ষ নাশকতার মামলায় আটক জাহিদুল ইসলাম হাওলাদারকে সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেয়। পরে তিনি নিজ গ্রাম মোরেলগঞ্জ উপজেলার খারইখালী গ্রামে গিয়ে মরহুমা মা সবেজান বিবির জানাজায় অংশ নেন এবং দাফন কার্যক্রমে উপস্থিত থাকেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলামের মা সবেজান বিবি বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্যরা কারা কর্তৃপক্ষের কাছে জাহিদুল ইসলামের প্যারোলে মুক্তির আবেদন করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শুক্রবার তাঁকে নির্ধারিত সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
জানাজা ও দাফন শেষে প্যারোলের শর্ত অনুযায়ী জাহিদুল ইসলামকে পুনরায় বাগেরহাট জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মানবিক বিবেচনা এবং প্রচলিত বিধি অনুসরণ করে প্রয়োজনীয় অনুমোদনের ভিত্তিতে তাঁকে সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

