ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকী উপলক্ষে ‘স্মরণে শহিদ সাজিদ আব্দুল্লাহ’ শীর্ষক স্মরণসভা, দ্রোহের কবিতা পাঠ এবং দোয়া-মোনাজাতের আয়োজন করেছে ‘জাস্টিস ফর সাজিদ আব্দুল্লাহ’ প্ল্যাটফর্ম।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র আল-কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে শহিদ সাজিদ আব্দুল্লাহকে স্মরণ করে কবিতা আবৃত্তি, তার প্রতিষ্ঠিত সংগঠন ‘মেহফিল’-এর পরিবেশনায় কাওয়ালি, তার জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ, দ্রোহের কবিতা পাঠ এবং তাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। সবশেষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সহপাঠী এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আয়োজকদের ভাষ্য, সাজিদ আব্দুল্লাহর স্মৃতিকে ধারণ, তার রুহের মাগফিরাত কামনা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের ভিসেরা প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ হত্যাকাণ্ডের তদন্ত বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

