চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সরকারি অর্থায়নে সংস্কার করা একটি সড়কের ইটের সলিংয়ের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে ইটের সলিং দেবে যেতে শুরু করেছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সরেজমিনে সাহাপুর সেতু থেকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গাজী বাড়িসংলগ্ন পালের বাড়ি পর্যন্ত সড়কটি ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থানে ইট আলগা হয়ে গেছে। কোথাও কোথাও গর্তেরও সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে নিয়ম অনুযায়ী মাটি ভরাট বা আর্থওয়ার্ক না করায় সামান্য বৃষ্টিতেই মাটি সরে যাচ্ছে। ফলে সড়কটি যানবাহন ও পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা ইলিয়াস পাটওয়ারী, বাবুল ভূঁইয়া ও বিল্লাল ভূঁইয়া বলেন, সংসদ সদস্য এম এ হান্নান এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ দিলেও ঠিকাদারের গাফিলতি ও নিম্নমানের কাজের কারণে সেই উন্নয়ন টেকসই হয়নি। তাঁদের দাবি, সংস্কারের মাত্র এক সপ্তাহের মধ্যেই সড়কের এমন বেহাল অবস্থা প্রমাণ করে যে কাজটি যথাযথভাবে সম্পন্ন হয়নি। তাঁরা দ্রুত সড়কটি পুনঃসংস্কার এবং অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার ফারুক আহমেদ মিয়াজী বলেন, সড়কটির জন্য দেড় লাখ টাকা বরাদ্দ ছিল। আগে থেকেই রাস্তার অবস্থা খারাপ ছিল। এ ছাড়া পাশের বাড়িগুলোর পানি সড়কের পাশ দিয়ে নিষ্কাশিত হওয়ায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে। তাঁরা বালু ও মাটি ভরাট করে কাজ করেছেন। ভবিষ্যতে সড়কটি পাকা করা হলে এ সমস্যা থাকবে না বলেও তিনি দাবি করেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকি প্রয়োজন। তাঁদের মতে, অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সড়কটি দ্রুত টেকসইভাবে সংস্কার করা উচিত।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গেলে তাঁকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

