পটুয়াখালীর বাউফল-বরিশাল মহাসড়কের গোসিংগা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘দশমিনা এক্সপ্রেস’-এর একটি বাস ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে দশমিনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি গোসিংগা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।
বাসের এক যাত্রী অভিযোগ করে বলেন, চালক অতিরিক্ত গতিতে ও অসাবধানতার সঙ্গে বাস চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, বাউফল-বগা সড়কের এ অংশে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। কিন্তু চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে প্রতিনিয়ত সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানানো হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

