লালমনিরহাটে জুয়া, মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও দাদন ব্যবসা বন্ধে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২০ জুলাই) বিকেলে সামাজিক সংগঠন `আলোকিত লালমনিরহাট` এর খুনিয়াগাছ ইউনিয়ন কমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ মাঠ থেকে শুরু হওয়া র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দবাজারে গিয়ে শেষ হয় এবং পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।
পথসভায় প্রধান অতিথি জানান, আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার সবকটি ইউনিয়নে একযোগে এই কার্যক্রম চলমান রয়েছে। সামাজিক সংগঠন আলোকত লালমনিরহাট কার্যক্রম শুরুর পর থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ,দাদন বন্ধে কাজ করছে। স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছে। সামাজিক ব্যাধি থেকে সমাজকে বাচাতে এই সংগঠনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আলোকিত লালমনিরহাটের এ কর্মসূচিতে লালমনিরহাট জেলা বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ও সদর উপজেলা মহিলাদলের সভানেত্রী আরজিনা পারভীন রেখা, খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওরঙ্গজেব লিটন, ইউনিয়ন যুবদলের সভাপতি আলী আকরাম মামুন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সাজু, যুবদল নেতা নাজমুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সচেতন নাগরিকগণ র্যালি ও পথসভায় অংশ নেন। র্যালিতে অংশ নেওয়া সর্বস্তরের মানুষ মাদক, জুয়া, বাল্যবিবাহ ও দাদনসহ সকল ধরনের সামাজিক অপরাধ বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, ২০০৫ সালে কার্যক্রম বন্ধ হয়ে আলোচিত সামাজিক সংগঠন আলোকিত লালমনিরহাটের পূণরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চলতি বছরের ৪ জুলাই।
আনুষ্ঠানিক যাত্রাকালে এ সংগঠনের কার্যক্রম শুরু শুভ উদ্বোধন করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কার্যক্রম শুরুর পর থেকে লালমনিরহাটের বিভিন্ন স্থানে পুলিশ, প্রশাসনকে সহায়তা করে মাদক, জুয়া বন্ধে ভূমিকা রাখছে সামাজিক এই সংগঠনটি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

