কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তিনটি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত দ্বি-বার্ষিক কাউন্সিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
জানা গেছে, ভোটের মাধ্যমে যোগ্য, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা বিএনপি এ কাউন্সিলের আয়োজন করে। কাউন্সিলকে ঘিরে দলীয় নেতাকর্মী, প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল।
তবে কাউন্সিলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমান এবং সদস্য সচিব আব্দুল হাই সরকারের বিরুদ্ধে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্ব ও প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে।
এ বিষয়ে মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. বুলবুল আহমেদ জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি কাউন্সিল পরিচালনায় দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধি-বিধান লঙ্ঘনের অভিযোগ তোলেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক চিঠিতে রাজীবপুর উপজেলার তিনটি ইউনিয়নের কাউন্সিল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রাপ্ত অভিযোগ পর্যালোচনায় দেখা গেছে, কাউন্সিল প্রক্রিয়া দলীয় গঠনতন্ত্র, সাংগঠনিক নীতিমালা ও প্রচলিত নিয়মাবলির পরিপন্থীভাবে পরিচালিত হচ্ছে। সংগঠনের স্বার্থে এবং একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কাউন্সিল নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, কাউন্সিল উপলক্ষে তিনটি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়েছিল। গত ৪ জুলাই মনোনয়নপত্র বিতরণ এবং ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও বৈধ প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
তফসিল অনুযায়ী, ১০ জুলাই রাজীবপুর ইউনিয়ন, ১১ জুলাই কোদালকাটি ইউনিয়ন এবং ১২ জুলাই মোহনগঞ্জ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কাউন্সিল স্থগিতের বিষয়ে জানতে চাইলে রাজীবপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার বলেন, “জেলা বিএনপির পক্ষ থেকে কাউন্সিল স্থগিতের একটি চিঠি আমরা পেয়েছি।”
নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্বাচিত হওয়ার কথা। এখানে প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

