ময়মনসিংহের ভালুকায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি, গাছের চারা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অনুদানের চেক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষা ও ক্রীড়া সামগ্রী ক্রয়ে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাওয়া নারী পোশাক শ্রমিকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসন, ময়মনসিংহের নির্দেশনায় উপজেলা প্রশাসন, ভালুকার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর পরিচালক শওকত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহিদুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয়ের বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ভালুকা উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১১ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীকে বাইসাইকেল, ৭ জন নারীকে সেলাই মেশিন এবং ৭২ জন শিক্ষার্থীকে মোট ৩ লাখ ১৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এছাড়া পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে ১০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং দুইজন সফল ক্ষুদ্র উদ্যোক্তাকে সংবর্ধনা জানানো হয়।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় উপজেলার ২৯টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় ১৩টি স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের মাঝে প্রতিটি সংগঠনকে ৩৬ হাজার ৫০০ টাকা করে মোট ৪ লাখ ৭৪ হাজার ৫০০ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিনির্ভর করতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু, ক্রীড়া সামগ্রী ক্রয় এবং ফুলের বাগান তৈরির লক্ষ্যে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলায় বিজয়ী ভালুকা উপজেলা বালিকা দলকে ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়।
পরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে জর্ডানে কর্মসংস্থানের সুযোগ পাওয়া ১৪ জন নারী পোশাক শ্রমিককে সংবর্ধনা দেওয়া হয়। জানা যায়, তারা প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং আগামী সপ্তাহে জর্ডানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া একই কর্মসূচির আওতায় ইতোমধ্যে আরও পাঁচজন নারী পোশাক শ্রমিক জর্ডানে কর্মস্থলে যোগ দিয়েছেন।
সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কর্মসূচির আওতায় এসব সহায়তা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

