ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট জিআর শাখার উপপরিদর্শক (এসআই) মো. বাহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপ-পরিদর্শক মো. শাখাওয়াত ইমতিয়াজ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আসামিরা হলেন সাবেক যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম (৫২) ও যুবলীগ কর্মী মো. সজিব (৩২)।
আদালতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অপরদিকে রাষ্ট্র পক্ষে রিমান্ড চেয়ে শুনানি করেন।উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গতকাল রাতে এ ঘটনায় সাভার মডেল থানায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এতে তিনজন নেতাকর্মী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ ঘটনায় তিনি সাভার মডেল থানায় সঙ্গীয় আজাহারুল ইসলাম তামিম ও জুলাই যোদ্ধা ইউনুস আলীকে নিয়ে থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

