‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) পার্বতীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভার আয়োজন করে পার্বতীপুর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের টেকসই উন্নয়নের ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন।
আধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ গ্রাম গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

