উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান, বৃক্ষের চারা বিতরণ এবং ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল ওয়াহাব।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আয়নুল হক বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। গ্রামের মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণ, ঋণ সুবিধা ও কর্মসংস্থানের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, রায়গঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব এবং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সমিতির সদস্যরা।
সভা শেষে সেরা উদ্যোক্তা (নার্সারি) ক্যাটাগরিতে মো. আব্দুর রাজ্জাক মণ্ডল এবং শ্রেষ্ঠ পল্লী উদ্যোক্তা (শীতলপাটি) ক্যাটাগরিতে লতা রানীকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে সমিতির সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং প্রায় ১০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

