নাটোরের বড়াইগ্রামে চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে উৎসবমুখর পরিবেশে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ।
ব্রাজিল দলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন বড়াইগ্রাম সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর। অন্যদিকে আর্জেন্টিনা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন বড়াইগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করীম রেজা। উভয় দলের খেলোয়াড় হিসেবে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৫-১ গোলে হারিয়ে বিজয়ী হয় আর্জেন্টিনা সমর্থক দল।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

