AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
০৮:৩১ পিএম, ৫ জুলাই, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা ও একাডেমিক সেশনের আয়োজন করা হয়েছে। 

রোববার (৫ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের দীর্ঘ পথচলা, একাডেমিক অর্জন, গবেষণা, ঐতিহ্য এবং ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা তুলে ধরা হয়। একই সঙ্গে একাডেমিয়া ও করপোরেট জগতের কার্যকর সংযোগ, আধুনিক বিপণন চর্চা এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের করপোরেট প্রতিনিধিদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়েছে। তিনি শিক্ষার্থীদের করপোরেট ব্যক্তিত্বদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের ক্যারিয়ার পরিকল্পনা সুদৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি মার্কেটিং শিক্ষার সামাজিক প্রাসঙ্গিকতা, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় উদ্ভাবনী চিন্তার গুরুত্ব এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাবিনা শরমীন মার্কেটিং বিভাগকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম গৌরবোজ্জ্বল বিভাগ হিসেবে উল্লেখ করেন। তিনি বিভাগের একাডেমিক মানোন্নয়ন, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর নেতৃত্ব এবং শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন।

অনুষ্ঠানের প্রথম দিনে ‘মার্কেটিংয়ে শ্রেষ্ঠত্ব: বিপণনে একাডেমিক গবেষণা ও অনুশীলন’ শীর্ষক সেশনে মার্কেটিংয়ের বাস্তব অভিজ্ঞতা, গবেষণা এবং আর্থিক প্রতিষ্ঠানে বিপণনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়া ‘ইন্ডাস্ট্রি ৪.০-এর অধীনে মার্কেটিং’ শীর্ষক সেশনে শিল্পখাতে আধুনিক মার্কেটিং কৌশল, শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে মার্কেটিং শিক্ষার ভূমিকা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন সেশনে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডেনমার্কের অ্যালবর্গ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার রানা, পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক ও কৃষাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আবেদ চৌধুরী, পূবালী ব্যাংক পিএলসি-এর জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশিদ, মেটলাইফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলাউদ্দিন এবং বিডিজবসের হেড অব প্রোগ্রাম মো. আলী ফিরোজসহ দেশের খ্যাতনামা করপোরেট ব্যক্তিত্বরা।

বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক শিক্ষা নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তিগত দক্ষতা এবং পরিবর্তিত বাজারব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা অর্জন অত্যন্ত জরুরি। তারা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন থেকেই ক্যারিয়ার পরিকল্পনা শুরু করার আহ্বান জানান। পাশাপাশি ভোক্তা আচরণ, ব্যক্তিগত ব্র্যান্ডিং, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রতিযোগিতায় টিকে থাকতে সময়োপযোগী প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. মাহমুদুল হাসান ফৈজী।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিনের কর্মসূচিতে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং অ্যালামনাই, বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!