নওগাঁর নিয়ামতপুরে বটতলী-রামনগর আঞ্চলিক সড়কের আয়শাতালা এলাকা থেকে আখতারুজ্জামান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের আয়শাতালা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আখতারুজ্জামান উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়া গ্রামের মৃত আব্বাস মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে কে বা কারা মরদেহটি রাস্তার পাশে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা আয়শাতালা এলাকায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

