রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল্লাহ আল নোমান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম রানা শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মারিশ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাতব্বরপাড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় আব্দুল্লাহ আল নোমানের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

