AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে রোহিঙ্গা যুবক আটক, ভুয়া কাগজপত্রে জাতীয় পরিচয়পত্রের চেষ্টা



গৌরীপুরে রোহিঙ্গা যুবক আটক, ভুয়া কাগজপত্রে জাতীয় পরিচয়পত্রের চেষ্টা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাচন অফিসে ভোটার হতে এসে মোহাম্মদ মাসুদ (১৯) নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। সোমবার (২৯ জুন) দুপুরে ভোটার নিবন্ধনের জন্য আবেদন করতে গেলে তার দেওয়া তথ্য ও কাগজপত্র যাচাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়লে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটক মোহাম্মদ মাসুদ ২০১৭ সাল থেকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৮ই-তে বসবাস করছেন। তার বাবার নাম মো. জোবায়ের এবং মায়ের নাম শাকিলা খাতুন। তাদের বাড়ি মিয়ানমারের মংডু অঞ্চলে। তিনি ছয় ভাইবোনের মধ্যে দ্বিতীয়।

নির্বাচন অফিস সূত্র জানায়, ভোটার হওয়ার জন্য জমা দেওয়া কাগজপত্রে তার নাম মোহাম্মদ মাসুদ থাকলেও বাবার নাম উল্লেখ করা হয়েছে মোহাম্মদ জামাল উদ্দিন এবং মায়ের নাম শান্তনা আক্তার। ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের দৌলতাবাদ গ্রাম। এছাড়া সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষরযুক্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন সনদ, খোদেজা খাতুন দারুস-সুন্নাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রত্যয়নপত্র এবং মা ডেন্টাল কেয়ার অ্যান্ড আইমিত্র নামে একটি বেসরকারি হাসপাতালের রক্তের গ্রুপ পরীক্ষার প্রতিবেদনও জমা দেওয়া হয়।

গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাওজুল কবীর খান জানান, আবেদনকারীর কথাবার্তায় প্রথম থেকেই সন্দেহের সৃষ্টি হয়। তিনি বাংলা বলতে পারলেও বাংলা লিখতে পারেন না। পরে দেওয়া ঠিকানায় খোঁজ নিয়ে জানা যায়, ওই এলাকায় এ নামে কোনো ব্যক্তি নেই। একইভাবে তিনি যে মাদ্রাসার প্রত্যয়নপত্র জমা দিয়েছেন, সেখানে অনুসন্ধান করে জানা যায়, মোহাম্মদ মাসুদ নামে কোনো শিক্ষার্থী কখনো ছিল না।

তিনি বলেন, "প্রাথমিক যাচাইয়ে নিশ্চিত হওয়া যায়, ভুয়া কাগজপত্র তৈরি করে একটি দালাল চক্রের মাধ্যমে তিনি ভোটার হওয়ার চেষ্টা করেছেন। পরে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

আটক মোহাম্মদ মাসুদ জিজ্ঞাসাবাদে জানান, কদ্দুছ অথবা কবীর নামে এক দালাল এক লাখ টাকার বিনিময়ে তাকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এ জন্য তিনি আগাম ১০ হাজার টাকা পরিশোধ করেছেন। কয়েকদিন আগে তাকে গৌরীপুরে এনে একটি হোটেলে রাখা হয়। পরে সাগর নামে আরেক ব্যক্তি তাকে নির্বাচন অফিসে নিয়ে আসে। আটক হওয়ার পর তারা পালিয়ে যায়।

গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, আটক রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!