রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে প্রশাসনের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরা এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।
শনিবার (২০ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। তাঁর নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দৌলতদিয়া এশিয়া বোর্ডিং-সংলগ্ন পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানকালে ঢাকা জেলার ধামরাই উপজেলার বেলিশ্বর এলাকার মৃত আনন্দ চন্দ্র শীলের ছেলে আশীষ চন্দ্র শীলকে (২৬) দেহ তল্লাশি করে গাঁজাসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় পোড়াভিটার স্থানীয় বাসিন্দা বেবীর ছেলে ফয়সালকে (২৪) মাদক ও নগদ টাকাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তাকে হ্যান্ডকাফ পরানোর পরপরই একদল ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছে প্রশাসন। হামলায় অভিযানে অংশ নেওয়া কয়েকজন কর্মকর্তা ও সদস্য আহত হন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান জানান, অভিযানে দুইজনকে আটক করা হয়েছিল। এর মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। অপর আসামি ফয়সালকে হ্যান্ডকাফ পরানোর পর একদল ব্যক্তি হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

