উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানির স্তর বেড়েছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বর্তমানে বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার (২০ জুন) সকাল ৬টার পরিমাপ অনুযায়ী, ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল ছিল ৫২ দশমিক ১০ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। পানির চাপ বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ভারতের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢল তিস্তা দিয়ে নেমে আসায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের তীরবর্তী এলাকায় পানির স্তর বৃদ্ধি পেয়েছে।
পানি আরও বৃদ্ধি পেলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল, পাশাপাশি জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, সকাল ৬টার দিকে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে দিনের দ্বিতীয় ভাগে পানির স্তর কিছুটা কমে আসতে পারে বলে তারা আশা করছেন।
এদিকে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

