মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের আগে ঝোড়ো বাতাসে উপকারভোগীদের জন্য নির্মিত একটি প্যান্ডেল ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চ অক্ষত রয়েছে।
বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান উপলক্ষে নির্মিত প্যান্ডেলটি হঠাৎ বাতাসে ধসে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্যান্ডেলের ভেতরে অবস্থানরত উপকারভোগী ও অতিথিরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। পরে কর্তৃপক্ষ প্যান্ডেলের অবশিষ্ট অংশ খুলে ফেলে।
সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাঠে মানুষের উপস্থিতি ক্রমেই বাড়ছিল। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন চা-বাগানের শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও অনুষ্ঠানে যোগ দিতে আসেন।
অনুষ্ঠানে অংশ নিতে আসা কয়েকজন চা শ্রমিক জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার বিভিন্ন চা-বাগানে ছুটি ঘোষণা করা হয়েছে। বাগানের যানবাহনে করে তারা অনুষ্ঠানে এসেছেন।
চা শ্রমিক পূর্ণিমা রেলি ও জাদব বলেন, “প্রধানমন্ত্রীকে একনজর দেখতে আমরা এখানে এসেছি। একই সঙ্গে ভূমির অধিকারসহ আমাদের বিভিন্ন দাবি তার কাছে তুলে ধরতে চাই।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী বেলা ১টায় ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এ সময় তিনি ফ্যামিলি কার্ডের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ও রোগীদের মধ্যে সহায়তার চেক বিতরণ করবেন।
অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়েছেন বলে প্রশাসন জানিয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

