মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক জনসমাগম হয়েছে। চা শ্রমিক, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল নির্ধারিত সময়ের আগেই পূর্ণ হয়ে যায়।
বুধবার (১৭ জুন) দুপুর ১টায় সেখানে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের কথা রয়েছে। এ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের এবং অসুস্থ ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেকও বিতরণ করা হবে। এ কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়েছেন।
অনুষ্ঠানে অংশ নিতে আসা কয়েকজন চা শ্রমিক জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিভিন্ন চা বাগানে ছুটি ঘোষণা করা হয়েছে। বাগান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তারা সমাবেশস্থলে এসেছেন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই মাঠে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। চা শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে অনুষ্ঠানে অংশ নেন। উপকারভোগীদের জন্য মাঠের একটি অংশে আলাদা বসার ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীকে সরাসরি দেখার প্রত্যাশায় দলীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে আসা চা শ্রমিক পূর্ণিমা রেলি জাদব বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তারা উপস্থিত হয়েছেন। একই সঙ্গে ভূমির অধিকারসহ বিভিন্ন দাবি তাঁর কাছে তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গলজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিপুল মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

