পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সংরক্ষিত বনাঞ্চল পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সফরসঙ্গী মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যরাও অংশ নেন। তারা বিভিন্ন প্রজাতির মোট ১১ ধরনের গাছের চারা রোপণ করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সরকারের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে দেশের ৪৯টি জেলার ১৪৯টি উপজেলায় প্রায় দেড় কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর থেকে পিএমখালী এলাকায় পাতলী খাল পুনঃখনন কর্মসূচিতে অংশ নেন। পরে সেখান থেকে মালুমঘাট সংরক্ষিত বনের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কক্সবাজারের বিভিন্ন সড়কে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পথজুড়ে তারা ফুল ছিটিয়ে ও হাত নেড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

