আগেই ইঙ্গিত দিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই ঘোষণারই বাস্তব রূপ দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্রাজিলের জার্সি গায়ে চড়িয়ে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হাজির হয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ উপভোগ করেন তিনি।
নেইমারের এজেন্ট হিসেবে পরিচিত রবিন মিয়ার একটি ফেসবুক পোস্ট থেকে বিষয়টি জানা যায়। পোস্টে দেখা যায়, সাকিবের পরা ব্রাজিলের জার্সিতে একটি অটোগ্রাফ রয়েছে, যা ধারণা করা হচ্ছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের।
কয়েক দিন আগে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, “ব্রাজিলের ম্যাচ দেখব। জার্সিও কিনব ব্রাজিলের। পোস্ট দেব, পল্টি!” সেই মন্তব্যেরই বাস্তব প্রতিফলন দেখা গেল তার সাম্প্রতিক উপস্থিতিতে।
ফুটবলে সাকিব বরাবরই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত। লিওনেল মেসির প্রতি তার ভালোবাসার কথাও বহুবার প্রকাশ্যে এসেছে। পাশাপাশি ক্লাব ফুটবলে তিনি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সমর্থক। তাই ব্রাজিলের জার্সি পরে মাঠে উপস্থিত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
তবে সাকিবের এই উপস্থিতিকে অনেকেই ফুটবলপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন, যেখানে প্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ উপভোগ করতে ভিন্ন দলের জার্সি পরার ঘটনাও বিশ্ব ক্রীড়াঙ্গনে অস্বাভাবিক নয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

