আগামী অর্থবছরের বাজেটে মদ, সিগারেট ও বিলাসী পণ্যের ওপর কর বৃদ্ধির কারণে বিরোধী দল অসন্তোষ প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দাবি করেন, নিত্যপ্রয়োজনীয় ৩৭টি পণ্যে কর কমানোর বিষয়টি বিরোধীরা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছে।
শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাজেটে মদ, সিগারেট ও বিলাসী পণ্যের ওপর কর বাড়ানোর সিদ্ধান্তে বিরোধী দল মিছিল-সমাবেশ করছে এবং বাজেট প্রত্যাখ্যানের ঘোষণা দিচ্ছে। তবে সাধারণ মানুষের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় ৩৭টি পণ্যে কর কমানোর বিষয়টি তারা তুলে ধরছে না। এর মাধ্যমে সাধারণ মানুষের পরিবর্তে একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার প্রবণতা ফুটে উঠছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার বিরোধীদের অযৌক্তিক সমালোচনায় গুরুত্ব দিচ্ছে না। কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রত্যন্ত অঞ্চলের জমিকে চাষাবাদের উপযোগী করা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
পাতলী খাল পুনঃখননের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কয়েক দশক আগে এই খাল খননের মাধ্যমে কৃষি ও সেচব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নিয়েছিলেন। সময়ের ব্যবধানে খালটি নাব্যতা হারিয়ে দখলের শিকার হলেও পুনঃখননের ফলে আবারও কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, দেশব্যাপী ব্যাপক আকারে খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে সেচ সুবিধা বাড়বে, কৃষক উপকৃত হবেন এবং জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষকদের সহায়তায় কৃষক কার্ডের মাধ্যমে কৃষি প্রণোদনা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। দেশের উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
পথসভায় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বাঁকখালী নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
এর আগে প্রধানমন্ত্রী নিজ হাতে মাটি কেটে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাকে একনজর দেখতে খালপাড়ে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ ও দলীয় নেতাকর্মীরা।
পথসভা শেষে প্রধানমন্ত্রী চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলের উদ্দেশে রওনা হন, যেখানে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের কর্মসূচি রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

