ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের ইসলামপুর রোডসংলগ্ন কাঁচামাটিয়া নদীর পাড়ে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে নদীটি থেকে কচুরিপানা অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধনী বক্তব্যে এমপি মাজেদ বাবু বলেন, “কাঁচামাটিয়া নদীর সঙ্গে ঈশ্বরগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য জড়িয়ে আছে। বিভিন্ন কারণে নদীটি নাব্যতা হারিয়েছে।
“উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রকল্পের মাধ্যমে প্রথমে কাঁচামাটিয়া নদী থেকে কচুরিপানা অপসারণ করা হবে। পরবর্তীতে বৃহত্তর একটি প্রকল্পের আওতায় নদীটি খনন করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে। এজন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, “কাঁচামাটিয়া নদী সুরক্ষায় মাননীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করে নদী থেকে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, এ উদ্যোগ নদী রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে ঈশ্বরগঞ্জের সাধারণ মানুষ উপকৃত হবেন।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম মনি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, শাহজাহান জয়পুরী, শরিফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির সদস্যসচিব মো. নূরে আলম জিকুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জানা গেছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁচামাটিয়া নদী একসময় ছিল খরস্রোতা। অতীতে এ নদীকে কেন্দ্র করেই স্থানীয় হাট-বাজার ও জনপদ গড়ে উঠেছিল। নৌপথে ধান, পাটসহ বিভিন্ন পণ্য পরিবহনের জমজমাট ব্যবসাও চলত। কিন্তু কালের পরিক্রমায় দূষণ ও দখলের কারণে নদীটি নাব্যতা হারিয়েছে।
নদীপাড়ের বাসিন্দাদের অভিযোগ, ঈশ্বরগঞ্জ ব্রিজ থেকে থানা পর্যন্ত নদীর বুকজুড়ে কচুরিপানার স্তূপ জমে মশার ভয়াবহ প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। মশার উপদ্রবে নদীতীরবর্তী হাজারো মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন।
কাঁচামাটিয়া নদীর এই করুণ অবস্থা থেকে উত্তরণ এবং নদীটির সুরক্ষায় কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

