এক দিনের সরকারি সফরে কক্সবাজার গিয়ে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছানোর পর সফরের প্রথম কর্মসূচি হিসেবে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই পিএমখালী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৃষ্টিকে উপেক্ষা করে সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি, সেচব্যবস্থা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রহণ করেন। সেই উদ্যোগের অংশ হিসেবে কক্সবাজারের পিএমখালীর পাতলী খাল খনন করা হয় এবং ১৯৭৯ সালের নভেম্বরে জিয়াউর রহমান এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
এদিকে জাতীয় পর্যায়ে খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপে চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খাল পুনঃখননের পাশাপাশি খালের পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপও বাস্তবায়ন করা হবে।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

