ঢাকার সাভারে পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০জুন) ভোরে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাভারের কাঞ্চনপুর এলাকার রতনের ছেলে আরিফ ইসলাম (২০), মহির উদ্দিনের ছেলে সাগর মিয়া (২৩), বক্তারপুর এলাকার গোলাম হোসেনের ছেলে মারুফ (২০), মৃত বাবুলের ছেলে রাকেস মল্লিক (৩০) এবং পোড়াবাড়ি এলাকার হাসানের ছেলে হুমায়ুন (১৯)।
সাভার মডেল থানা পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তারের জন্য সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামীম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান খান বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
আসামিকে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরানোর সময় রফিকুলসহ ৭-৮ জন ব্যক্তি ইট ও লাঠি নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে আরও ৪০ থেকে ৫০ জন লোক ঘটনাস্থলে জড়ো হয়ে দুই পুলিশ সদস্যকে মারধর করে এবং রফিকুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যায়।
পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় আহত এসআই এস এম শামীম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার পর বুধবার ভোরে বক্তারপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন বলেন, “পুলিশের ওপর হামলা, পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়া এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় মামলা হয়েছে। অভিযানে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

