সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে শেরপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘শান্তি-শৃঙ্খলা উন্নয়নের সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার একেএম জহুরুল ইসলাম, ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম খান, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এবং শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
এ সময় উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন ডায়নামিক আইটির পরিচালক আব্দুস ছাত্তার রনি, সংগঠক বাবুল মিয়া এবং নারী নেত্রী শাপলা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল আহসান।
বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের নানা অনিয়ম, দুর্নীতি, বাল্যবিয়ে, মাদক এবং সামাজিক অপরাধ প্রতিরোধে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বা মব সৃষ্টির মতো কর্মকাণ্ডে জড়ানো যাবে না।
তারা আরও বলেন, নিরীহ ও সাধারণ মানুষের ওপর অন্যায়, অত্যাচার বা নির্যাতনের ঘটনা ঘটলে আইনের আশ্রয় গ্রহণে সহায়তা করতে হবে এবং অপরাধীদের আইনের হাতে সোপর্দ করতে হবে। পাশাপাশি সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূলে যুব সমাজকে আরও সচেতন ও সোচ্চার ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
সভায় অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ, মানবিক ও অপরাধমুক্ত সমাজ গঠনে যুব সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

