পরিবারের স্বচ্ছলতা ফেরাতে বিদেশ থেকে ফিরেছিলেন মমিন হোসেন (৪৫)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই সংসারের হাল ধরতে গিয়ে অকালে প্রাণ দিতে হলো তাকে।
রোববার (৭ জুন) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে গাছ কাটতে গিয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহত মমিন হোসেন ওই ইউনিয়নের লুৎফুর রহমানের ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রবাস জীবন শেষে দেশে ফিরে মমিন হোসেন দিনমজুরি করে জীবিকা নির্বাহ করছিলেন।
প্রতিদিনের মতো রোববার সকালেও তিনি কাজের সন্ধানে সাইসাঙ্গা গ্রামে যান। সেখানে একটি ইউক্যালিপটাস গাছে উঠে ডালপালা কাটার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান তিনি।
নিচের মাটিতে প্রচণ্ড আঘাতে মমিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার ও পুরো এলাকায়। চার সন্তানকে নিয়ে এখন অথৈ সাগরে পড়েছেন তার স্ত্রী ও স্বজনরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

