AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিরাইয়ে অনলাইন জুয়ায় আশক্ত হয়ে ধংস হচ্ছে যুব সমাজ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৩২ পিএম, ৭ জুন, ২০২৬

দিরাইয়ে অনলাইন জুয়ায় আশক্ত হয়ে ধংস হচ্ছে যুব সমাজ

স্মার্টফোন ও মোবাইল ব্যাংকিং সেবার সহজলভ্যতার কারণে সুনামগঞ্জের দিরাই উপজেলায় অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। এতে তরুণ ও যুব সমাজের একটি অংশ আসক্ত হয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

পৌর শহর থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ বাজার পর্যন্ত অর্থের বিনিময়ে অনলাইন বেটিং, লুডু বাজি এবং বিভিন্ন জুয়ার অ্যাপ ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। মোবাইল ফোনভিত্তিক এসব অ্যাপে ক্রিকেট, ফুটবল, এভিয়েটর গেম, আইপিএল বেটিংসহ নানা খেলায় অর্থের বাজি ধরা হচ্ছে। এমনকি জনপ্রিয় লুডু খেলাও অনলাইন জুয়ার মাধ্যমে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, এসব কার্যক্রম এখন শুধু শহরেই সীমাবদ্ধ নয়; গ্রামাঞ্চলের চায়ের দোকান, মুদি দোকান এবং মোবাইল ব্যাংকিং এজেন্ট পয়েন্টেও চলমান। বাইরে থেকে সাধারণ দোকান মনে হলেও ভেতরে মোবাইল ফোনের মাধ্যমে চলছে টাকার বাজি।

সরেজমিনে দিরাই পৌর এলাকার উপজেলা রোড, থানা সংলগ্ন সেন মার্কেট, কলেজ রোড, ইউপি রোড ও হাইস্কুল রোড এলাকায় বিভিন্ন বয়সী মানুষকে অনলাইন গেমে অর্থ বাজি ধরতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক তরুণ প্রথমে বন্ধু বা পরিচিতদের মাধ্যমে এসব অ্যাপে যুক্ত হন। শুরুতে লাভের আশায় প্রবেশ করলেও পরে অধিক ক্ষতির মুখে পড়ে অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন।

অভিভাবক সুমন চৌধুরী বলেন, অনলাইন জুয়ার কারণে অনেক পরিবার নীরবে আর্থিক সংকটে পড়ছে। তাঁর দাবি, কিছু পরিবারের সন্তানরা জুয়ার নেশায় বড় অঙ্কের টাকা হারিয়ে বিপদে পড়েছেন, যার প্রভাব পুরো পরিবারে পড়ছে।

দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার বলেন, তরুণদের মধ্যে অনলাইন আসক্তি উদ্বেগজনকভাবে বাড়ছে। শিক্ষার্থীদের একটি অংশ দ্রুত অর্থ উপার্জনের প্রলোভনে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এ প্রবণতা রোধ করা কঠিন।

দিরাই প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আব্দুল বাছির সরদার বলেন, অনলাইন জুয়ার বিস্তার এখন সামাজিক সমস্যায় রূপ নিয়েছে। শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে কিছু তরুণ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। যদিও এ বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, অনলাইন জুয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার বলেন, তরুণ সমাজকে অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে। অভিযোগ পাওয়া গেলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের অনলাইন কার্যক্রমের প্রতি নজর রাখার আহ্বান জানান তিনি।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!