যশোরের বেনাপোলে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকি এবং বাড়িতে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ আলী।
শনিবার (৬ জুন) দুপুরে বেনাপোল চেকপোস্ট এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ আলী বলেন, বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের বাসিন্দা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার দাবি, ছোট আচড়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে কুতুব উদ্দীন আশা ও তার ভগ্নিপতি সাইদুর রহমানের কাছে তার ব্যবসায়িক লেনদেনের ৪৮ লাখ ৮৩ হাজার টাকা পাওনা রয়েছে। এ টাকা আদায় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে সালিস-মীমাংসা হলেও অভিযুক্তরা টাকা পরিশোধ করেননি।
তিনি অভিযোগ করেন, গত ৪ জুন কুতুব উদ্দীন আশা মোবাইল ফোনে তাকে প্রাণনাশের হুমকি দেন। পরদিন ৫ জুন বিকেলে কুতুব উদ্দীন আশা ও ১২ থেকে ১৩ জন সশস্ত্র ব্যক্তি তার ‘ছুটু রেন্ট এ কার’ প্রতিষ্ঠানে গিয়ে তাকে খোঁজাখুঁজি করেন এবং না পেয়ে হুমকি দিয়ে চলে যান।
একই দিন রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে অভিযুক্তরা তার ভাড়াটিয়া বাড়ির নিচে গিয়ে আবারও হুমকি দেয় এবং গুলি ছোড়ে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, তিন রাউন্ড গুলিবর্ষণে ঘরের থাই গ্লাস ভেঙে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি গুলির খোসা ও একটি গুলির অংশবিশেষ উদ্ধার করেছে বলে তিনি জানান। এ ঘটনায় তিনি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেছেন।
সোহাগ আলী বলেন, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। প্রভাবশালীদের কারণে যেকোনো সময় আবারও হামলার আশঙ্কা রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

