মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে মোবাইলে টাকা রিচার্জকে কেন্দ্র করে তারাউজিয়াল ও দ্বারিয়াপুর দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন এবং কয়েকটি দোকান ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্বারিয়াপুর গ্রামের সজল নামের এক যুবককে পূর্ব বিরোধের জেরে তারাউজিয়াল গ্রামের লোকজন মারধর করলে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর রেশ ধরে একই রাতে সাচিলাপুর বাজারের একটি মোবাইল রিচার্জ দোকানে শাহীব শেখকে মারধর করা হয়। পরে দ্বারিয়াপুর গ্রামের লোকজন প্রতিশোধমূলকভাবে হামলা চালিয়ে দোকানপাট ও একটি বাড়িঘর ভাঙচুর করে।
আহতদের মধ্যে দ্বারিয়াপুর গ্রামের শাহীব শেখ (৩৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে তারাউজিয়াল গ্রামের প্রবল (৪০) ও শাহজাহান (৪০) মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনায় হৃদয় টেলিকম, মেঘা সুইটস অ্যান্ড কনফেকশনারি দোকানসহ কয়েকটি স্থাপনায় ভাঙচুর করা হয় বলে জানা গেছে।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সংঘাতের বিস্তার রোধ করা হয়।
শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া জানান, স্থানীয়ভাবে উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

