জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হামলায় আব্দুল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী জুলেখা বেগম (৪১) আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৈত্রিক কৃষি জমি নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল হকের সঙ্গে তার ভাতিজা সালামের বিরোধ চলছিল। শনিবার দুপুরে আব্দুল হক জমির ধান কাটতে গেলে এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় ভাতিজা সালাম, তার স্ত্রীসহ আরও কয়েকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হক ও তার স্ত্রী জুলেখা বেগমের ওপর হামলা চালায়। হামলায় আব্দুল হক ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের ভাতিজা রোকন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ ধান কাটতে গেলে তারা হামলা চালায়। ঘটনাস্থলে গিয়ে দেখি চাচা মাটিতে পড়ে আছেন।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

