কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপুর মোল্লা বাড়ি খালের ওপর প্রায় ৫ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু সংযোগ সড়কের অভাবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে। ফলে স্থানীয়দের দুর্ভোগ বাড়লেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত সেতুটি দড়িমাছিমপুর ও কলাকান্দি গ্রামের সংযোগস্থলে নির্মাণ করা হয়েছে। ৬০ মিটার দীর্ঘ ও ৯ মিটার প্রশস্ত সেতুটির কার্যাদেশ দেওয়া হয় ২০২১ সালের ১৩ অক্টোবর।
স্থানীয়দের অভিযোগ, সেতুর মূল কাঠামোর নির্মাণকাজ শেষ হলেও উভয় পাশে এখনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে মাটি থেকে অনেক উঁচুতে অবস্থান করা সেতুতে একপাশে প্রায় ১৪ ফুট এবং অন্যপাশে প্রায় ১৮ ফুট উঁচু বাঁশের মই বেয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনকি পায়ে হেঁটেও পারাপারের সময় মই থেকে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই।
এলাকাবাসীর দাবি, সেতুর সঙ্গে প্রয়োজনীয় সংযোগ সড়ক ও মাটির কাজ একসঙ্গে সম্পন্ন না করায় বিপুল অর্থ ব্যয়ে নির্মিত সরকারি অবকাঠামোটি কার্যত অকেজো হয়ে পড়েছে। তাদের মতে, প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতা ও পরিকল্পনার ঘাটতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী দপ্তর জানিয়েছে, সেতুর উভয় পাশে সংযোগ সড়ক ও প্রোটেকশন ওয়াল নির্মাণের জন্য ইতোমধ্যে প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে। তবে কবে নাগাদ অনুমোদন মিলবে এবং নির্মাণকাজ শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেনি কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

