রাজবাড়ী জেলা কারাগারে অসুস্থ হয়ে তুষার বিশ্বাস (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তুষার বিশ্বাস রাজবাড়ীর পাংশা উপজেলার বনগ্রাম নতুনপাড়া গ্রামের শশধর বিশ্বাসের ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, তুষার বিশ্বাসের বিরুদ্ধে পাংশা থানায় হত্যা, অস্ত্র ও মারামারিসহ ছয়টি এবং গোয়ালন্দ থানায় একটি মামলাসহ মোট সাতটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি জামিনে ছিলেন।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, শুক্রবার সকালে নাস্তা করার পর তুষার বিশ্বাস হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, হাসপাতালে আনার পর তুষার বিশ্বাসকে মৃত অবস্থায় পাওয়া যায়। ইসিজি পরীক্ষার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

