রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩১ জন, লালবাগ বিভাগ থেকে ৩০ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৭ জন, মিরপুর বিভাগ থেকে ১১৯ জন, গুলশান বিভাগ থেকে ২৯ জন, উত্তরা বিভাগ থেকে ৫৬ জন, গোয়েন্দা (ডিবি) বিভাগ থেকে ৬ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট থেকে ১ জনকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ১৬টি মোবাইল ফোন, ২১টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০টি বিভিন্ন ব্যাংকের চেক বই, ৪৪৩টি সিমকার্ড এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন আলামতের মধ্যে খয়েরি রঙের ছাতার পোড়া কাপড়, ছাতার বাট, সানলাইট ব্যাটারির অংশ, ৯ ভোল্ট ব্যাটারির খণ্ডিত অংশ, বিয়ারিংয়ের ১২টি বল, জিআই পাইপের খণ্ডিত অংশ, ইয়াবা সেবনের সরঞ্জাম, একটি বোতলের কর্ক, ফয়েল পেপার এবং একটি মাথা খোলা গ্যাস লাইট জব্দ করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় পরিচালিত নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

