দিনাজপুর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ চেষ্টা প্রতিহত করেছে। ঘটনার পর দুই সীমান্তেই সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
শনিবার (২৫ জুলাই) ভোরে পৃথক দুটি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমাহমুদপুর সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন।
স্থানীয় ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, ভোর ৪টার দিকে আটজন নারী ও একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে খিয়ারমাহমুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেয়।
অন্যদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও ছয়জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলারের কাছে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ ক্যাম্পের সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে সীমান্ত অতিক্রম করানোর চেষ্টা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদস্যরা বিষয়টি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে বাধা দিলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ছয়জন সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
বিজিবি জানিয়েছে, ঘটনাটি বিএসএফকে অবহিত করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

