সিএনজিচালিত অটোরিকশার যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে ভাড়া বৃদ্ধির দাবিতে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চালকরা।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। এ সময় ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। সড়কটিতে বিকল্প গণপরিবহন না থাকায় দুর্ভোগ আরও বেড়ে যায়।
দুপুর ১২টার দিকে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ঘোড়াশাল পৌরসভার প্রশাসক ইশতিয়াক আহমেদের সঙ্গে ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে বৈঠক করেন চালকরা। পরে তিনি বিষয়টি পর্যালোচনার জন্য এক সপ্তাহ সময় চান। এ আশ্বাসে চালকরা কর্মবিরতি প্রত্যাহার করেন। এরপর দুপুর ১২টার পর সড়কটিতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক হয়।
সিএনজি চালক মুজিবুর রহমান বলেন, “সিএনজির বিভিন্ন যন্ত্রাংশ, টায়ার, ব্যাটারি, লুব্রিকেন্ট ও রক্ষণাবেক্ষণ ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে। কিন্তু দীর্ঘদিন ধরে ভাড়া অপরিবর্তিত থাকায় চালকদের পক্ষে সংসার পরিচালনা ও যানবাহনের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।”
আরেক চালক আমিনুল ইসলাম বলেন, “আমরা যাত্রীদের কষ্ট দিতে চাই না। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। ন্যায্য ও যৌক্তিক হারে ভাড়া পুনর্নির্ধারণ করা হলে চালক ও যাত্রী—উভয়েই উপকৃত হবেন। আমরা প্রশাসনের কাছে বিষয়টি মানবিকভাবে বিবেচনার আহ্বান জানাই।”
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘোড়াশাল পৌরসভার প্রশাসক ইশতিয়াক আহমেদ বলেন, “ঘোড়াশাল থেকে পাঁচদোনা পর্যন্ত সিএনজি ভাড়া বর্তমানে ২০ টাকা। এটি ৩০ টাকা নির্ধারণের দাবি নিয়ে চালকদের কয়েকজন আমার সঙ্গে দেখা করেছেন। আমি তাদের বক্তব্য শুনেছি এবং দাবিগুলো লিখিতভাবে জমা দিতে বলেছি। পাশাপাশি সাত দিনের সময় চেয়েছি। এ সময়ের মধ্যে তারা আগের নির্ধারিত ২০ টাকা ভাড়াই আদায় করবেন বলে সম্মত হয়েছেন।”
তিনি আরও বলেন, “চালকদের দাবিগুলো যাচাই-বাছাই করা হবে এবং স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি বছরের ১৪ এপ্রিল থেকে সিএনজি স্ট্যান্ডের কোনো ইজারা দেওয়া হয়নি। আগে প্রতি সিএনজি থেকে দৈনিক ২০ টাকা ইজারা নেওয়া হতো। বর্তমানে সেটিও বন্ধ রয়েছে। বিষয়টি তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

