পটুয়াখালীর বাউফলে রবিন হাওলাদার (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (৩ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, রবিন হাওলাদারের সাথে প্রতিবেশী আনন্দ ব্যাপারীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে বৃহস্পতিবার রাতে ঝাগরাঝাটি হয়। ঘটনার দিন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রবিন হাওলাদার বাড়ির পানি নিস্কাশনের জন্য পাইপ বসানোর কাজ করছিলেন।
এ সময় প্রতিপক্ষ আনন্দ ব্যাপারী ও তার লোকজন লোহার রড দিয়ে রবিন হাওলাদারের ওপরে হামলা করে। এ সময় তার স্ত্রী ঠাকুর রানী (৪০) ও ছেলে রনি (২০) বাঁচানোর চেষ্টা করলে তাদেরও পেটানো হয়।
পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রবিন হাওলাদারকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাউফল থানার ওসি নিরাজুল ইসলাম বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

