উত্তরাঞ্চলের শস্যভাণ্ডারখ্যাত নওগাঁর আত্রাই উপজেলায় গ্রীষ্মকালীন জনপ্রিয় ফল কাঁঠালে ভরে উঠেছে গ্রামের গাছপালা। বাড়ির আঙিনা, রাস্তার ধারে ও বিভিন্ন ঝোপঝাড়ে থাকা কাঁঠাল গাছগুলোতে এখন ঝুলছে অসংখ্য কাঁঠাল। যদিও পুরোপুরি পাকা কাঁঠাল বাজারে আসতে এখনও কয়েক দিন বাকি রয়েছে, তবুও গাছে গাছে ফলের সমারোহ স্থানীয়দের দৃষ্টি কাড়ছে।
বাংলার বহুল প্রচলিত প্রবাদ ‘গাছে কাঁঠাল, গোঁফে তেল’ যেন জ্যৈষ্ঠ মাস এলেই বাস্তবে রূপ নেয়। উপজেলার বিভিন্ন এলাকায় গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত ঝুলতে দেখা যাচ্ছে জাতীয় ফল কাঁঠাল। পুষ্টিগুণে ভরপুর এ ফল স্থানীয় মানুষের খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
কৃষিপ্রধান জেলা নওগাঁ ধান উৎপাদনের জন্য পরিচিত হলেও এখানকার মানুষের কাছে কাঁঠালও অত্যন্ত প্রিয়। শুধু ফল হিসেবেই নয়, কাঁঠালের বিচি নানা ধরনের সুস্বাদু খাবার তৈরিতে ব্যবহৃত হয়। বিশেষ করে শুটকি মাছের সঙ্গে কাঁঠালের বিচি, বিভিন্ন শাকসবজির সঙ্গে বিচির তরকারি এবং বিচির ভর্তা স্থানীয়দের পছন্দের খাবার। এছাড়া কাঁঠালের ছাল গবাদিপশুর খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়।
তুলনামূলকভাবে বৃহদাকার এই ফলের বাইরের অংশ কাঁটাযুক্ত হলেও ভেতরে থাকে অসংখ্য রসালো কোয়া। কাঁঠালের কাঠ আসবাবপত্র তৈরির জন্যও বেশ সমাদৃত। অন্যদিকে এর পাতা বিভিন্ন গৃহপালিত প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
উপজেলার ভবানীপুর পালপাড়া গ্রামের শিক্ষক শ্রী দেবেন্দ্রনাথ পাল বলেন, “কাঁঠাল আমার অত্যন্ত প্রিয় ফল। এটি পুষ্টিগুণে সমৃদ্ধ এবং এর কোনো অংশই অপচয় হয় না। কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করা যায়, যা আমাদের খাদ্যসংস্কৃতির অংশ হয়ে গেছে।”
স্থানীয় কাঁঠাল ব্যবসায়ীদের ধারণা, জ্যৈষ্ঠ মাসের শেষভাগ এবং আষাঢ় মাসের শুরু থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজারে কাঁঠাল বিক্রি শুরু হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার জানান, “আত্রাইয়ে বাণিজ্যিকভাবে কাঁঠালের বাগান খুব বেশি না থাকলেও দিন দিন এর চাষ বাড়ছে। গত বছরের তুলনায় এ বছর কাঁঠালের ফলন ভালো হয়েছে। পাশাপাশি কাঁঠালের চারা রোপণে মানুষের আগ্রহও বৃদ্ধি পাচ্ছে।”
পুষ্টিগুণ, স্বাদ ও বহুমুখী ব্যবহারের কারণে জাতীয় ফল কাঁঠাল আত্রাইয়ের গ্রামীণ জনপদে বরাবরের মতোই জনপ্রিয়তা ধরে রেখেছে। বর্তমানে গাছে গাছে ঝুলতে থাকা কাঁঠাল সেই সমৃদ্ধিরই বার্তা দিচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

