নওগাঁর মান্দায় কচুক্ষেতে অভিনব কায়দায় গাঁজা চাষের অপরাধে শ্রী নিতাই কুমার মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই ক্ষেত থেকে আড়াই কেজি ওজনের একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার নিতাই কুমার রামনগর গ্রামের নন্দ কুমারের ছেলে।
‘পুলিশ মিডিয়া সেল’ এর মাধ্যমে জানানো হয় যে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রামনগর গ্রামে কচুক্ষেতের আড়ালে গোপনে গাঁজার চাষ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাতে সেখানে আকস্মিক অভিযান চালায়।
এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে কচুক্ষেত থেকে আনুমানিক ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ উপড়ে জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিতাই কুমারকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
ডিবি পুলিশের ওসি আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মান্দা থানার ওসি মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। অপরাধী যত কৌশলেই মাদক ব্যবসা বা চাষ করুক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

