মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ১৩ কিলোমিটার এলাকায় যানবাহন আটকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
রোববার (২৪ মে) ভোররাত ৪টার দিকে শুরু হওয়া এ যানজট সকাল বাড়ার সঙ্গে সঙ্গে আরও তীব্র আকার ধারণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের কুমিল্লাগামী লেনে গজারিয়া উপজেলার বিভিন্ন অংশজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে।
যানজটে আটকে পড়া এক ট্রাকচালক জানান, তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ সময় ধরে যানবাহন স্থির হয়ে আছে। দাউদকান্দি এলাকায় দুর্ঘটনার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি শুনেছেন।
এক বাসচালক বলেন, বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে আটকে আছেন। কখন গন্তব্যে পৌঁছাতে পারবেন, তা নিশ্চিত নন।
ভোগান্তির কথা জানিয়ে এক যাত্রী বলেন, এ মহাসড়কে প্রায়ই যানজট দেখা দেয়। এতে সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।
গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে তিনি জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

