কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঁশকাইট পি. জে. উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (এডহক কমিটি) সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী সমাজসেবক মোহাম্মদ আবু তাহের।
বুধবার (২০ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নবগঠিত কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনকে সদস্য সচিব করা হয়েছে। শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. আবদুস সাত্তার এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে পরান আহমেদের নাম অনুমোদন করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবু তাহের মুরাদনগর উপজেলার সুরানন্দী গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম জোহর আহমেদের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।
সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ আবু তাহের বলেন, “বাঁশকাইট পি. জে. উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমাকে এডহক কমিটির সভাপতি নির্বাচিত করায় মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
এদিকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ আবু তাহেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

