AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোরবানির হাট কাঁপাবে ভাঙ্গুড়ার ব্লাক ডায়মন্ড



কোরবানির হাট কাঁপাবে ভাঙ্গুড়ার ব্লাক ডায়মন্ড

এক সপ্তাহের কিছু বেশি সময় বাকি মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার। প্রতি বছর কোরবানির পশুর হাটগুলোতে দেখা মেলে বাহারি নাম ও বিশাল আকৃতির বিভিন্ন জাতের গরুর।

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দিনরাত পরিশ্রম করে লাভের আশায় দেশীয় পদ্ধতিতে পশু প্রস্তুত করছেন খামারিরা। কোরবানিযোগ্য গরু বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার শত শত খামারি। ভাঙ্গুড়া উপজেলায় আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর সংকট নেই। চাহিদার তুলনায় পশু উৎপাদন বেশি থাকায় এবার দামও ক্রেতাদের নাগালে থাকার আশা করা হচ্ছে।

কোরবানির পশুর হাট কাঁপাতে হাজার হাজার গরুর মধ্যে আলাদাভাবে নজর কাড়ছে ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ীয়া হারোপাড়ার জনতা ডেইরি এন্ড এগ্রো ফার্মের দানব আকৃতির গরু ব্লাক ডায়মন্ড। কুচকুচে কালো রঙ, সুঠাম গঠন আর দানবীয় আকৃতির কারণে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে গরুটি। বিশালাকৃতির এই ষাঁড়কে ঘিরে এখন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। খামার মালিকদের দাবি, এটাই ভাঙ্গুড়া উপজেলার সবচেয়ে সুদর্শন গরু। 

খামার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, খামারে কোরবানির জন্য দেশী, ফ্রিজিয়ান, শাহীওয়ালসহ বিভিন্ন জাতের শতাধিক গরু প্রস্তুত রয়েছে। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই তাদের খামারের বিশাল দেহ, শান্ত স্বভাব ও রাজকীয় গঠনের কারণে ব্লাক ডায়মন্ডকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় মানুষ ও পাইকাররা।

বিশালাকৃতির ষাঁড়টি হাটে আনা-নেওয়া করা কষ্টকর, তাই খামার থেকেই বিক্রি করতে চায় খামার কর্তৃপক্ষ। ব্লাক ডায়মন্ডের বর্তমান ওজন ১৪ মণ! কোরবানির হাটে গরুটির সম্ভাব্য দাম নির্ধারণ হয়েছে ৪ লাখ টাকা। তবে আলোচনা সাপেক্ষে দাম কিছুটা কমবেশি হতে পারে।

রোববার (১৭ মে) ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ীয়া হারোপাড়া এলাকায় অবস্থিত জনতা ডেইরি এন্ড এগ্রো ফার্মে গিয়ে দেখা যায়, ঈদ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে মানুষ খামারে এসে গরু দেখে আগ্রহ নিয়ে দাম যাচাই করছেন। ঈদুল আজহা সামনে রেখে অনেকেই হাটের ভিড়, দরদাম ও রোগাক্রান্ত পশুর ঝুঁকি এড়াতে সরাসরি খামারমুখী হচ্ছেন বলে জানান ক্রেতারা।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্লাক ডায়মন্ড নাম এখন শুধু ভাঙ্গুড়ার হারোপাড়া গ্রামেই সীমাবদ্ধ নয়। গরুটি দেখতে প্রতিদিন স্থানীয় বাসিন্দাসহ দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করছেন খামারটিতে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সম্ভাব্য দাম ও ওজন নিয়ে আগ্রহ প্রকাশ করছেন।

ভাঙ্গুড়া উপজেলার জনতা ডেইরি এন্ড এগ্রো ফার্মের পরিচালনার দায়িত্বে থাকা মো. রাজু মোল্লা জানান, মানুষের চাহিদার কথা মাথায় রেখে ছোট-বড় সব ধরনের গরু খামারে রাখা হয়েছে, যেন কোনো ক্রেতা এসে খালি হাতে ফিরে না যান। অন্য বছরের তুলনায় এবার খামারে কয়েক‍‍`শ কোরবানির পশু রয়েছে।

যত্ন আর পুষ্টিকর খাবার পেয়ে ধীরে ধীরে বেড়েছে ব্লাক ডায়মন্ড নামের ষাঁড়টি। বিশাল দেহ আর কুচকুচে কালো হওয়ার কারণেই ভালোবেসে ষাঁড়টির নাম রাখা হয়েছে ব্লাক ডায়মন্ড। খৈল, খড়, বিভিন্ন ধরনের ভুসি ও প্রাকৃতিক খাবার খাইয়ে যত্নে বড় করা ব্লাক ডায়মন্ড ন্যায্যমূল্যে বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রুমানা আকতার রোমি জানান, ভাঙ্গুড়া উপজেলায় ২৬ হাজার ৮৮৭টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে ৩৯ হাজার ৬৪৬টি উদ্বৃত্ত রেখে মোট ৬৬ হাজার ৫৩৩টি কোরবানির পশু স্থানীয়ভাবে পালন করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ গবাদি পশুর মাংস উৎপাদনে পশু হৃষ্ট-পুষ্টকরণের ব্যাপারে খামারিদের সহযোগিতা করা হচ্ছে।

 

 

একুশে  সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!