বাগেরহাটের মোংলায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় গাঁজা বিক্রির নগদ ১ হাজার ২০০ টাকা ও একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে মোংলা থানার এসআই (নিঃ)দেবাশীষ মন্ডলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া গ্রাম থেকে লাভলু মোল্লা (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি লুৎফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাভলু মোল্লার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তার দেখানো মতে ঘরের টিনের বাক্সের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া গাঁজা বিক্রির নগদ ১ হাজার ২০০ টাকা ও একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।
মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আরও একজন পলাতক আসামীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”
তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

