AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
০৭:১৪ পিএম, ১৬ মে, ২০২৬

গাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার (৪০) মরদেহ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে ঘোড়দৌড় বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা সেতু থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।

এরপর ফোরকান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তার ভাই আব্দুল জব্বার এবং কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুবায়ের রহমান মরদেহটি ফোরকানের বলে প্রাথমিকভাবে শনাক্ত করেন। পরে মরদেহ গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, মরদেহটি কয়েকদিন পানিতে থাকায় অর্ধগলিত হয়ে গেছে। ফলে পরিচয় নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা চলছে। সেটি সম্ভব না হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) সংবাদ সম্মেলনে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানিয়েছিলেন, ফোরকান মোল্লা পদ্মা সেতু থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, গত সোমবার (১১ মে) মেহেরপুরে একটি যাত্রীবাহী বাসের হেলপারের কাছ থেকে ফোরকানের মোবাইল ফোন উদ্ধার করা হয়। হেলপার জানান, তিনি ফোনটি পদ্মা সেতু এলাকায় কুড়িয়ে পেয়েছিলেন। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি একটি প্রাইভেটকার থেকে নেমে মোবাইল রেখে সেতুর রেলিং টপকে নদীতে লাফ দেন।

ভিডিওটি দেখে ফোরকানের ভাই ও মামলার বাদী ওই ব্যক্তিকে ফোরকান বলেই ধারণা করেন। এছাড়া তদন্তে জানা যায়, ফুটেজে দেখা প্রাইভেটকারটি ঢাকার পল্টনের একটি রেন্ট-এ-কার প্রতিষ্ঠান থেকে ভাড়া নেওয়া হয়েছিল।

গত ৯ মে কাপাসিয়ার রাউৎকোনা গ্রামের একটি বহুতল বাড়ি থেকে ফোরকানের স্ত্রী শারমিন খানম (৩০), তাদের তিন সন্তান মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (দেড় বছর) এবং শ্যালক রসুল মোল্লার (২৩) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ফোরকান মোল্লা।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!