বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশের মর্যাদা ও জাতীয় স্বার্থ সমুন্নত রেখেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। তিনি ভারতের প্রতি সীমান্তে ‘পুশ ইন’ কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে বলেন, “অবিলম্বে সীমান্তে এ ধরনের অপতৎপরতা বন্ধ করুন।”
রোববার (১৪ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতীয় ‘পুশ ইন’-এর প্রতিবাদে সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রজন্ম।
আলাল বলেন, সীমান্তে ‘পুশ ইন’-এর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তিনি উল্লেখ করেন, “বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো জনগণের অংশগ্রহণ। সীমান্তে বিজিবির পাঁচজন সদস্য থাকলেও তাদের পাশে দাঁড়িয়ে হাজারো সাধারণ মানুষ ‘পুশ ইন’ প্রতিহত করার চেষ্টা করছেন।”
এ সময় ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তিনি সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তাঁর আশা, দুই দেশের পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখে এ সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে।
এ সময় ভারতের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘সীমান্তে পুশ ইন করতে যখন এত আগ্রহ আপনাদের, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেন। তার বাড়ি তো বরিশাল। শুভেন্দু অধিকারীকে পাঠিয়ে দেন। আমরা সম্মানের সঙ্গে তার আতিথেয়তা করব। কারণ, আমরা আপনাদের মতো আচরণ করি না।’
ভারতে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছে মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যানের এই উপদেষ্টা বলেন, ‘আপনারা সংখ্যালঘু মুসলমানদের ওপর যে অত্যাচার আপনারা করছেন, এটা সারা বিশ্বে আজ নিন্দিত হচ্ছে।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

