প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি যদি জনগণের প্রত্যাশা হয়ে থাকে, তাহলে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ইতিবাচক আশ্বাস দিয়েছেন।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে ধরেন। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তারেক রহমান বলেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, সরকারে এলে তা বাস্তবায়নের চেষ্টা করে। ইতোমধ্যে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী চালুর মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণই দেশের প্রকৃত মালিক, আর জনগণ দায়িত্ব নিলে দেশ আরও এগিয়ে যাবে।
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

