ময়মনসিংহ ও শেরপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ও শুক্রবার রাতভর পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন প্রসাধনী সামগ্রী এবং একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করা হয়। উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার মেঝেপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস দেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল রাতভর অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ভারতীয় জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রিম, বডি স্প্রেসহ বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ পণ্য পাচার বন্ধে বাহিনী সর্বদা তৎপর রয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

